সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

উত্তরায় মধ্যরাতে উল্টে যাওয়া কাভার্ড ভ্যান, দুপুরেও সরানো যায়নি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীতে মধ্যরাতে আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যাওয়া একটি কাভার্ড ভ্যান সকাল পেরিয়ে দুপুর হলেও সরানো সম্ভব হয়নি। এতে ঢাকা থেকে আউটগোয়িং সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

রোববার দিবাগত রাতে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি বিআরটি লেনের মুখে আড়াআড়িভাবে পড়ে থাকে। ট্রাফিক পুলিশ দুই দফায় ছোট-বড় দুটি রেকার দিয়ে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

ট্রাফিক উত্তরার এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার এসএম হাসিবুর রহমান জানান, কাভার্ড ভ্যানটি মালামালবোঝাই ও তালাবদ্ধ থাকায় রেকার দিয়ে সরানো যাচ্ছে না। গাড়ির চালক ও স্টাফদেরও ঘটনাস্থলে পাওয়া যায়নি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মালামাল আনলোড করার পর গাড়িটি সরানো সম্ভব হবে।

এদিকে, ঢাকামুখী লেন সচল থাকলেও ঢাকা থেকে বের হওয়ার পথে যান চলাচল সীমিত ও বাধাগ্রস্ত হচ্ছে। বড় রেকার-১ নষ্ট থাকায় উদ্ধার কার্যক্রম আরও জটিল হয়ে পড়েছে।