ভারতের মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজে উড্ডয়নের কিছুক্ষণ পর ধোঁয়া দেখা দেওয়ায় গুজরাটের রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৬ই ১৪৫২ নম্বর ফ্লাইটটি ১৯৪ জন যাত্রী নিয়ে সোমবার মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের কার্গো অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন একজন কেবিন ক্রু। বিষয়টি সঙ্গে সঙ্গে পাইলটকে জানানো হলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌভাগ্যবশত, বিমানের সব ১৯৪ জন যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে অবতরণ করেন। পরে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে ইন্ডিগো এয়ারলাইন্স।
তবে ঠিক কী কারণে কার্গো অংশে ধোঁয়া সৃষ্টি হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো বর্তমানে দেশের অভ্যন্তরে ৮০টি এবং আন্তর্জাতিক ৩০টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে।