বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উখিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের পিঁড়িতে বসার হাত থেকে রক্ষা করেছে উপজেলা প্রশাসন। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আয়োজনের খবর পেয়ে দ্রুত বাল্যবিবাহটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিয়ের সব সামাজিক আয়োজন চলছিল কিশোরীর বাড়িতে। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। আইন অমান্য করে এই আয়োজন করার দায়ে কিশোরীর বাবাকে নগদ ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিযুক্ত ছিলেন– উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। তিনি জানান, ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী অর্থদণ্ড আদায়ের পাশাপাশি এই অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। একই সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পাত্রপক্ষকেও সতর্ক করা হয়েছে।’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের সমাজে বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ এবং একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ মুক্ত করার মাধ্যমে প্রতিটি কন্যাশিশুর সুরক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’ সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।