বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদ ছুটিতে সহিংসতার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও সরকারের প্রতি আহ্বান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সারাদেশে ঈদের ছুটিতে সংঘটিত সহিংসতা, হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ২১ মার্চ পবিত্র ঈদের দিন ও ছুটির সময়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির সন্ত্রাসীরা হামলা ও সংঘর্ষে লিপ্ত হয়। এতে চুয়াডাঙ্গায় ২ জন, সিরাজগঞ্জে ১ জন, বরিশালে ১ জন এবং পাবনায় ১ জন নিহত হন। পাশাপাশি, হামলা ও লুটতরাজে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তিনি এসব ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিএনপির এই ধারাবাহিক সহিংসতা, খুন-খারাবি ও সন্ত্রাসী তৎপরতা গণতন্ত্র ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না।” তিনি আরও বলেন, পবিত্র ঈদের দিনে মানুষের ওপর জুলুম ও অত্যাচারের এই ধারা অতীতের দুঃসময় ও পতিত স্বৈরাচারের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি সতর্ক করেছেন, যদি সরকার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে জনগণ রাজপথে এর জবাব দেবে। উল্লেখ্য, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে জামায়াতের ৩ জন নেতাকর্মী রয়েছেন। মিয়া গোলাম পরওয়ার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।