আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:
- টিকিট কাউন্টার বা ই-টিকিটিংয়ের মাধ্যমে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- মহাসড়কে ইজিবাইক, থ্রি-হুইলার, অযান্ত্রিক যানবাহন এবং ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল করবে না।
- কোনো যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন বা পণ্যবাহী যানবাহনে যাত্রী ওঠানো যাবে না।
- চালকদের গতিসীমা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং বেপরোয়া বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
- ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু সেতুতে ওভারটেকিং করা যাবে না।
- নেশাজাতীয় দ্রব্য সেবন, ঘুমঘুম ভাব বা শারীরিক অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।
- মোটরসাইকেল চালকদের জন্য ‘নো হেলমেট নো ফুয়েল’ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিএ আরও জানিয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে যে কোনো প্রয়োজনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ (মোবাইল: ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭)–এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।