বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদের পথে মর্মান্তিক দুর্ঘটনা: কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে প্রাণ গেল দম্পতির

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর-এর আনন্দ ভাগাভাগি করতে যাত্রা করলেও তা শেষ পর্যন্ত রূপ নেয় মর্মান্তিক পরিণতিতে। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন যশোরের চৌগাছা উপজেলার এক দম্পতি।

নিহতরা হলেন সিরাজুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী কোহিনুর বেগম (৫৫)। তারা চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন (২১ মার্চ) তারা মেয়ে ফারহানা সুলতানা শেফার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। গন্তব্য ছিল লক্ষ্মীপুর জেলার রতনকাটি গ্রাম। এ জন্য যশোর থেকে একটি যাত্রীবাহী বাসে রওনা দেন তারা।

পথিমধ্যে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে এই দম্পতিও ছিলেন।

স্বজনরা জানান, দুর্ঘটনার পর রাত থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে মেয়ে-জামাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পরিবারের সদস্যরা জানান, সারাজীবন একসঙ্গে কাটানো এই দম্পতির বিদায়ও হয়েছে পাশাপাশি। নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের জন্য পাশাপাশি কবর খনন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় জানাজা শেষে দাফনের কথা রয়েছে।

নিহতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের ভাষ্য, এই প্রথমবার ঈদে মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা—কিন্তু আনন্দের সেই যাত্রা পরিণত হলো আজীবনের বেদনায়।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন জানিয়েছে, মরদেহ নিজ এলাকায় আনার প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।