বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। সোমবার (২৫ মে) দুপুরে তিনি বাস টার্মিনাল, ফেরি ও লঞ্চঘাটের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীসেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে এবং ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে এই পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্টদের যাত্রীসেবার মান উন্নয়ন, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনকালে রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, ঈদকে সামনে রেখে দৌলতদিয়া ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রী ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বিশেষ করে ঘরমুখো মানুষ ও কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপদ ও দ্রুত পারাপার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসক আফরোজা পারভীন যাত্রী ও ঘাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা সম্বলিত পোস্টার টাঙানোর নির্দেশ দেন এবং দায়িত্বপ্রাপ্তদের সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ঈদে মানুষের বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে জেলা প্রশাসন, পুলিশ, বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। যানজট নিয়ন্ত্রণ, যাত্রী নিরাপত্তা এবং পশুবাহী যানবাহনের দ্রুত পারাপারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।