বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ, মিলছে ১৫ মার্চের টিকিট

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন শুরু হয়েছে বৃহস্পতিবার (৫ মার্চ)। আজ যাত্রীরা আগামী ১৫ মার্চের ট্রেনযাত্রার টিকিট সংগ্রহ করতে পারছেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবন-এ অনুষ্ঠিত ঈদযাত্রা উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ৩ মার্চ এবং ১৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ৪ মার্চ। আগামী ১৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ।

এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট পরবর্তীতে বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 🚆