আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের, অর্থাৎ ২৭ মে’র ট্রেনের অগ্রিম টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট ১৬ মে বিক্রি করা হয়। আজ বিক্রি হচ্ছে ২৭ মে’র টিকিট।
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করা যাবে। এছাড়া ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।
যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রতিবছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে ট্রেনের টিকিট সংগ্রহে যাত্রীদের ব্যাপক চাপ দেখা যাচ্ছে। অনলাইনে টিকিট ছাড়ার পর অল্প সময়ের মধ্যেই অধিকাংশ রুটের আসন শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।