বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদযাত্রায় ঢাকা-আরিচা মহাসড়ক স্বাভাবিক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এতে ঘরমুখো মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের এ চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড কোথাও যানজট বা ধীরগতি দেখা যায়নি। এদিকে নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল, জিরানি, শ্রীপুর এলাকায় সড়কে গাড়ির চাপ রয়েছে।

সেলফি পরিবহনের যাত্রী দেলোয়ার হোসেন বলেন, আমি ফরিদপুর যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছি। গাবতলী থেকে বাসে নবীনগর পর্যন্ত এসেছি। তবে কোথাও যানজটে পড়তে হয়নি বলে জানান তিনি।

অপরদিকে, শুভযাত্রা বাসের চালক আলম হোসেন বলেন, গতকালের তুলনায় আজকে সড়ক স্বাভাবিক। কোথাও যানজটে পড়তে হয়নি। তবে যাত্রীদের চাপ আজকে কম বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ শেখ শাজাহান ঢাকা পোস্টকে বলেন, ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা সড়ক স্বাভাবিক রয়েছে। কোথাও যানজটের চিত্র লক্ষ্য করা যায়নি। যানজট নিরসনে হাইওয়ে থানা পুলিশ, জেলা পুলিশ ও সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।