বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ: পাঁচ জেলায় শুরু হবে চিকিৎসাসেবা কর্মসূচি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দেশের জনগণের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি চলছে এবং এটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদ-এর অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ এবং নরসিংদী জেলার জনগণকে এই ই-হেলথ কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে তারা সহজে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

এছাড়া তিনি জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী জুন ২০২৬ পর্যন্ত পানিসম্পদ, স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ১২০৪ কিলোমিটার খাল খনন করা হবে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আরও ১৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

পরিবেশ উন্নয়নেও বড় পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন করা হয়েছে, যা আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে।

শিক্ষা খাতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন।

এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিকায়নের লক্ষ্যে আগামী ১৮০ দিনের মধ্যে ২৩৩৬টি কারিগরি ও ৮২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে খেলাধুলার সুযোগ বাড়াতে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিটি খাতে উন্নয়ন, সফটওয়্যার পার্ক পরিচালনা এবং দেশে পেপাল সেবা চালুর উদ্যোগ নিয়েও কাজ চলছে।

সব মিলিয়ে, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে একযোগে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।