ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারককে ‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই চুক্তি কোনো চাপ বা জবরদস্তির ফল নয়, বরং ইরানি জাতির দৃঢ় প্রতিরোধ ও সার্বভৌম অবস্থানের প্রতিফলন। গালিবাফ আরও বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অঞ্চলটির দেশগুলোর এবং বিদেশি সামরিক উপস্থিতি কেবল অস্থিতিশীলতা সৃষ্টি করে। তিনি দাবি করেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক প্রমাণ করেছে যে ইরান তার কৌশলগত লক্ষ্য অর্জনে সফল হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পরাজয়ের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান পাবে।