ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দিনের উচ্চপর্যায়ের সংলাপের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগোট জানান, ওয়াশিংটনে অনুষ্ঠিত ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের সংলাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে।
মূলত গত ২ মার্চ দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ), যার লক্ষ্য ছিল হিজবুল্লাহকে দমন করা। প্রায় দেড় মাসের সংঘাত শেষে ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ওই সময়ের মধ্যে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটে।
ওয়াশিংটনে অনুষ্ঠিত এই সংলাপকে দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে প্রথম সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও অংশ নেন।
মার্কিন পক্ষ জানিয়েছে, আগামী ২৯ এপ্রিলের মধ্যে পেন্টাগন একটি নতুন ‘নিরাপত্তা লাইন’ প্রস্তাব উপস্থাপন করবে। এরপর ২–৩ জুন ওয়াশিংটনে আবারও ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র আশা করছে, এই ধারাবাহিক সংলাপের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার হবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তির ভিত্তি তৈরি করা সম্ভব হবে।