ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের পরাজয় হয়েছে বলে মনে করেন দেশটির ৯২ শতাংশ নাগরিক। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৮২.৯ শতাংশ ইসরায়েলি বলেছেন, এই যুদ্ধ তাদের দেশের নিরাপত্তাকে দুর্বল করেছে। এছাড়া ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের ফলাফলকে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন সাফল্যের দাবিও বিশ্বাস করছেন না অধিকাংশ নাগরিক। জরিপে অংশ নেওয়া ৭২.৫ শতাংশ বলেছেন, নেতানিয়াহু যে অর্জনের কথা বলছেন তা বাস্তবতার সঙ্গে মেলে না। এমনকি ইসরায়েলের অস্তিত্বের হুমকি দূর করার দাবিকেও তারা প্রত্যাখ্যান করেছেন।
এছাড়া ৫৬.৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, নেতানিয়াহু যুদ্ধ পরিচালনায় ব্যর্থ হয়েছেন।
অন্যদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির কারণে লেবাননে হামলা কমাতে বাধ্য হলেও ৪৮.২ শতাংশ ইসরায়েলি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপত্তি জানালেও হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা উচিত।
গত ১৭ থেকে ২০ জুন পর্যন্ত পরিচালিত এই জরিপে ১৭ বছর বা তার বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি অংশ নেন।