ঢাকা, ৬ এপ্রিল ২০২৬ – দেশের ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী”। দেশের ২০টি ইলিশ সমৃদ্ধ জেলায় কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৭ এপ্রিল চাঁদপুর সদরে অনুষ্ঠিত হবে।
মূল কার্যক্রম ও পদক্ষেপ:
- নিষিদ্ধ সময়কাল: ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ আহরণ বন্ধ। প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ।
- জাটকা আহরণ নিষিদ্ধ: ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ বন্ধ।
- সংরক্ষিত এলাকা: দেশে ৬টি ইলিশ অভয়াশ্রম এবং ৩,১৮৮ বর্গকিমি সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা।
- অবৈধ জাল রোধ: কারেন্ট জাল ও বেহুন্দি জাল ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং ধ্বংস কার্যক্রম চলমান।
- জেলেদের সহায়তা: ভিজিএফ খাদ্য বিতরণ, বিকল্প কর্মসংস্থান, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (চাল, ডাল, আটা, লবণ, চিনি, আলু) প্রদান। চলতি বছরে প্রায় ৩ লাখ ৬৭ হাজার জেলে পরিবারকে সহায়তা দেওয়া হবে।
- প্রকল্প বাস্তবায়ন: ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ ও ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদি টেকসই সংরক্ষণ নিশ্চিত করা হবে।
মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির সবচেয়ে বড় বাধা হলো জাটকা নিধন, যা অবৈধ ও ক্ষতিকর জালের মাধ্যমে হচ্ছে। এজন্য আইন-শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে।