বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরান সময়ক্ষেপণের কৌশল নিচ্ছে: মার্কো রুবিওর অভিযোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, নতুন প্রস্তাবের আড়ালে ইরান সময়ক্ষেপণের কৌশল নিচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থানকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “আমার মনে হচ্ছে, ইরান সময়ক্ষেপণ করার চেষ্টা করছে এবং আমরা তা হতে দিতে পারি না।” তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা নিরসনে তিন ধাপের একটি প্রস্তাব দেয় ইরান। প্রস্তাবের প্রথম ধাপে যুদ্ধবিরতি ও আগ্রাসন বন্ধের নিশ্চয়তা চাওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং তৃতীয় ধাপে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছে।

তবে মার্কো রুবিও এই প্রস্তাবের সমালোচনা করে ফক্স নিউজ-কে বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ এবং সেখানে নতুন কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের সুযোগ নেই। তিনি জোর দিয়ে বলেন, “কোনোভাবেই এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না, যেখানে ইরান নির্ধারণ করবে কে এই প্রণালী ব্যবহার করতে পারবে।”

উল্লেখ্য, পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে স্থায়ী সমঝোতার লক্ষ্যে ইসলামাবাদ-এ বৈঠক অনুষ্ঠিত হলেও তা ফলপ্রসূ হয়নি।

বর্তমানে দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের উদ্যোগ চলছে। ইরান জানিয়েছে, তাদের নতুন প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তী আলোচনা হতে পারে। তবে যুক্তরাষ্ট্র বলছে, যেকোনো সম্ভাব্য চুক্তিতে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই হবে তাদের প্রধান লক্ষ্য।