ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা তাদের সামরিক সক্ষমতা নিয়ে অসম্পূর্ণ। দেশটির খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে জানায়, শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে আনা হবে’। এই ঘোষণার প্রেক্ষিতে ইরানি সেনাবাহিনী কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে।
সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে আপনার ধারণা একেবারেই অসম্পূর্ণ। আমাদের বিশাল এবং কৌশলগত সক্ষমতার বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “আপনাদের ধারণা করা উচিত নয় যে, আপনারা আমাদের মিসাইল উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন, নিখুঁত লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা বিশেষ সামরিক সরঞ্জামগুলো ধ্বংস করতে পেরেছেন।”
সেন্ট্রাল কমান্ড আরও জানায়, “আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন স্থানে সচল রয়েছে, যা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই এবং যেখানে পৌঁছানো আপনার পক্ষে কখনো সম্ভব হবে না।”
ইরানি সেনাবাহিনীর বক্তব্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যতক্ষণ পর্যন্ত স্থায়ী, চূড়ান্ত আত্মসমর্পণ করবে না, ততক্ষণ হামলা চলতে থাকবে। তারা আরও সতর্ক করেছেন, আগামী হামলা হবে আরও বিস্তৃত, বিচূর্ণকারী এবং ধ্বংসাত্মক।