বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে হঠাৎ ইসরায়েল-হিজবুল্লাহ ইস্যু, জরুরি অধিবেশন যুক্ত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ আলোচনায় ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নিয়ে একটি জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে। রোববার (২১ জুন) কূটনৈতিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সূচিতে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতকে অগ্রাধিকার দিয়ে বিশেষ অধিবেশন রাখা হয়েছে। তবে এই আলোচনায় ইসরায়েল কিংবা হিজবুল্লাহর কোনো প্রতিনিধি অংশ নেবেন না।

গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর শুক্রবার আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও দক্ষিণ লেবাননে সংঘাত এবং ইরানের পুনরায় হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার কারণে বৈঠকটি বিলম্বিত হয়।

ইরান জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘনের অভিযোগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার বন্ধ করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত হয়েছে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।