বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরান: বিক্ষোভে নিহতের সংখ্যা ৩,১১৭ জন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

ইরানের সরকার গতকাল বুধবার জানিয়েছে, দেশব্যাপী সাম্প্রতিক বিক্ষোভে মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে ২,৪২৭ জনকে ‘শহীদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শহীদদের মধ্যে বেসামরিক আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা উভয়েই রয়েছেন।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান বলেন, যারা সরকারি বা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তাদের ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, তাদের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৪,৫৬০ জন। অন্যান্য সূত্রে নিহতের সংখ্যা ১৫,০০০-এও ছাড়িয়েছে। আন্তর্জাতিকভাবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিক্ষোভের সূত্রপাত হয়েছিল ২৮ ডিসেম্বর, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে। দেশজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া বিক্ষোভ দমাতে ইরান ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে এবং সেনাবাহিনী মোতায়েন করেছে। সম্প্রতি সরকার বিক্ষোভের উত্তেজনা অনেকাংশে প্রশমন করতে সক্ষম হয়েছে।