বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সাড়ে ১৬ হাজারের বেশি নিহত, আহত তিন লাখের বেশি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সাড়ে ১৬ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ। দেশটির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তথ্যের ভিত্তিতে রোববার (১৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস এ সংখ্যা প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই ৩০ বছরের কম বয়সী তরুণ। কয়েকটি হাসপাতাল ও জরুরি বিভাগের তথ্য বিশ্লেষণ করে এই সংখ্যার প্রমাণ পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকেই চোখে গুরুতর আঘাত পেয়েছেন এবং শটগানের কারণে প্রায় ৭০০ জন অন্ধ হয়ে গেছেন।

ইরানি-জার্মান চক্ষু চিকিৎসক প্রফেসর আমির পারাস্তা বলেছেন, “এটি অন্য মাত্রার নৃশংসতা। এবার মিলিটারি গ্রেডের অস্ত্র ব্যবহার করা হয়েছে। মাথা, গলা এবং বুকে গুলি ও শার্পনেলের আঘাত দেখা গেছে।” তিনি আরও জানিয়েছেন, সহকর্মী চিকিৎসকদের সঙ্গে একত্রে তারা এই তথ্য সংগ্রহ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আটটি প্রধান চক্ষু হাসপাতাল ও ১৬টি হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকরা এই তথ্য সরবরাহ করেছেন। সাধারণ ইন্টারনেট বন্ধ থাকায় তারা নিষিদ্ধ স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করেছেন।

গত মাসের শেষ দিকে বিক্ষোভ শুরু হয় এবং ৭ ও ৮ জানুয়ারি সহিংস রূপ নেয়। সেই সময় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতনের শঙ্কা দেখা দেয়। এরপরই নিরাপত্তাবাহিনী কঠোর অবস্থানে যায়।

খামেনি গতকাল স্বীকার করেছেন যে বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, তবে সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উস্কানিকে এ ঘটনার জন্য দায়ী করেছেন।