বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: রয়টার্সের দাবি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের উত্তেজনাপূর্ণ সময়ে ইরানের ভেতরে গোপন সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব— এমন দাবি করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স। বুধবার (১৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসে ইরানের হামলার জবাবে সৌদি আরব পাল্টা গোপন অভিযান পরিচালনা করে। পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন, এটিই প্রথমবার যখন সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে।

তবে সৌদি বাহিনী ঠিক কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পশ্চিমা আরেক কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানকে প্রতিশোধমূলক ব্যবস্থার হুমকি দেয়। পরবর্তীতে সৌদির কূটনৈতিক তৎপরতা ও ওই হুমকির পর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমতে শুরু করে।

এরপর গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির এক সপ্তাহ আগেই সৌদি-ইরান উত্তেজনা প্রশমিত হতে শুরু করেছিল।

এ বিষয়ে মন্তব্য জানতে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতিতে এই তথ্য সামনে আসায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এমন গোপন সামরিক তৎপরতা অঞ্চলটির ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।