ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ। সোমবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে জানিয়েছিলেন, তারা ইরানের উদ্দেশে একটি “আর্মাদা” পাঠিয়েছে। যদিও তিনি সরাসরি কোনো সংঘাতের ইঙ্গিত দেননি, তবে বহরটি ইরানের নিবিড় নজরদারিতে থাকবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ বিমানবাহী রণতরী ও গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজগুলো আগামী কয়েকদিনের মধ্যে ইরানের উপকূলে অবস্থান নেবে। এছাড়া, এই বহরে আছে এয়ার ডিফেন্স সিস্টেম, বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ উত্তেজনা আরও বাড়াতে পারে। এ পরিস্থিতি ২০২৫ সালের জুন মাসে দুই দেশের মধ্যে সংঘাত এবং ইরানের অভ্যন্তরীণ সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে আরও সংবেদনশীল হয়ে উঠেছে।