বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির বার্তা: হিজবুল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমকে একটি কৃতজ্ঞতার বার্তা পাঠিয়েছেন। ইরানের রাষ্ট্র-সমর্থিত সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, বার্তায় খামেনি হিজবুল্লাহর নেতৃত্ব ও যোদ্ধাদের সততা, দৃঢ়তা এবং ধৈর্যকে ইসলামী উম্মাহর শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।

খামেনি তার বার্তায় উল্লেখ করেন, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার বাবা আলি খামেনির শাহাদাতের পর হিজবুল্লাহর সমর্থনের জন্য কাসেমকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি হিজবুল্লাহ যোদ্ধাদের আনুগত্য এবং ভালোবাসার প্রশংসা করেন, যা তাদের প্রতিরোধ আন্দোলনের প্রতি অঙ্গীকারের প্রকাশ।

খামেনি বলেন, “ইসলামি উম্মাহর সবচেয়ে ভয়ংকর শত্রুদের মোকাবিলায় অবিচল থাকা ছিল প্রয়াত নেতার অন্যতম বৈশিষ্ট্য।” হিজবুল্লাহ প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি সংকটময় পরিস্থিতিতে হিজবুল্লাহকে নেতৃত্ব দিচ্ছেন।”

বার্তায় ইরানের নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, কাসেমির প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ও সাহসের মাধ্যমে জায়নবাদী শত্রুর চক্রান্ত ব্যর্থ করা এবং লেবাননের জনগণের গৌরব ও সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব হবে

৮ মার্চ ইরানের বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত খামেনি হিজবুল্লাহর যোদ্ধাদের সংগ্রাম, বীরত্ব এবং আত্মত্যাগের প্রশংসা করেছেন, যা ইরান ও হিজবুল্লাহর দীর্ঘস্থায়ী মৈত্রীকে আরও দৃঢ় করেছে।