শনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই সফর, ১৪৪৮ হিজরি

ইরানের ড্রোনে বাহরাইন-জর্ডানের মার্কিন ঘাঁটি, পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের টানা ১৩ দিনের হামলার পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। এরই ধারাবাহিকতায় বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।

শুক্রবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক, সরঞ্জাম গুদাম ও সৈন্যদের আবাসন এলাকা হামলার লক্ষ্যবস্তু ছিল।

একই সঙ্গে জর্ডানের মুওয়াফফাক সালতি বা আল-আজরাক বিমানঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই ঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, দেশটির স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করবে।

অন্যদিকে, ইরানে মার্কিন হামলাও অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ড্রোন মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, ইরানকে জবাবদিহির আওতায় আনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হুমকি কমানোই এসব হামলার উদ্দেশ্য।

এদিকে ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপ ও খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো খুজেস্তানের আন্দিমেশক ও ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে।

এ ছাড়া আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির দাবি, বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় দুজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে ইরানের সামরিক স্থাপনায় মার্কিন অভিযান, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা—সব মিলিয়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।