ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে মার্কিন সেনারা সম্পূর্ণভাবে সরে গেছে। ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও অবস্থান করছিল। সেনারা চলে যাওয়ার পর পুরো ঘাঁটির নিয়ন্ত্রণ এখন ইরাকের সেনাবাহিনীর হাতে আছে।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার হচ্ছে ২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে। ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল জানিয়েছেন, অল্প কয়েকজন সেনা এখনও লজিস্টিক কাজের জন্য ঘাঁটিতে অবস্থান করছেন, তবে কাজ শেষ হলে তারাও চলে যাবেন।
আইন আল-আসাদ বিমানঘাঁটি ইতিহাসে আলোচিত হয়ে ওঠে ২০২০ সালে, যখন বাগদাদে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করার প্রতিশোধ হিসেবে ইরান ঘাঁটিতে ব্যাপক মিসাইল হামলা চালায়। হামলার তীব্রতায় তখন ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিয়েছিল।
সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ধাপে ধাপে সেনাদের প্রত্যাহার শুরু করেছিল এবং ২০২৬ সালের মধ্যে পুরো ঘাঁটি খালি করা হয়েছে।