বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নেতার খোঁজে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ইরানের সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাইয়িদ আল-শুহাদা (কেএসএস)-এর শীর্ষ নেতা হাশিম ফিনইয়ান রহিম আল সারাজি, যিনি আবু আলা আল ওয়ালাই নামেও পরিচিত—তার অবস্থান সম্পর্কে তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়

বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই গোষ্ঠীর বিরুদ্ধে ইরাকে বেসামরিক নাগরিকদের হত্যা, মার্কিন দূতাবাস-এ হামলা, এবং ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণের অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তথ্যদাতাকে শুধু অর্থ পুরস্কারই নয়, প্রয়োজনে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগও দেওয়া হতে পারে।

জানা গেছে, কেএসএস ইরাকের শিয়া রাজনৈতিক জোটের সঙ্গে সম্পৃক্ত এবং হাশিম সারাজি নিজেও একজন সংসদ সদস্য। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর, মার্কিন দূতাবাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ও নির্দেশনার সঙ্গে তিনি জড়িত।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতের প্রেক্ষাপটে এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, ইরাক দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। সাম্প্রতিক সময়ে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও আঞ্চলিক সংঘাতের প্রভাবে সেই পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠছে।