বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইন্দোনেশিয়ায় মিলল নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ, ১১ জনের নিরাপত্তা অনিশ্চিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি ছোট আকৃতির বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার বিমানটি নিখোঁজ হয়েছিল, আর রোববার (১৮ জানুয়ারি) ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানে ১১ জন যাত্রী ছিলেন, যার মধ্যে আটজন ক্রু এবং তিনজন সাধারণ যাত্রী।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বিমানটি ইয়োগিয়াকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাকাসসার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ পর এটি রাডার থেকে হারিয়ে যায়।

মাকাসসারের সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার বলেছেন, “বুলুসারারুং পাহাড়ের পাদদেশে হেলিকপ্টার থেকে বিমানের জানালার ধ্বংসাবশেষ প্রথমে দেখা যায়। এরপর আমরা আরও বড় অংশ উদ্ধার করি। মূল অংশগুলো পাওয়ায় অনুসন্ধান এলাকা অনেক কমে এসেছে, যা উদ্ধার অভিযানকে আরও সুনির্দিষ্ট করার ক্ষেত্রে সহায়ক। আমাদের প্রধান লক্ষ্য এখন নিখোঁজদের সন্ধান, বিশেষ করে যারা এখনও জীবিত থাকতে পারেন।”

উদ্ধারকারী দলের কাছে হিমশিম খাওয়ার চ্যালেঞ্জ তৈরি করেছে ঘন কুয়াশা এবং পাহাড়ি অঞ্চল। বিমানের ধ্বংসাবশেষ শেষবার শনাক্ত হয়েছিল দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলার লেয়াং-লেয়াং অঞ্চলে।

উল্লেখ্য, বিমানে থাকা তিনজন সাধারণ যাত্রী ইন্দোনেশিয়ার সমুদ্র ও মৎস বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন এবং তারা সমুদ্র নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে বিমানে ছিলেন।