বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইনজুরিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমার অনিশ্চিত, নিশ্চিত করলেন আনচেলত্তি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুন, ২০২৬

ইনজুরির কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার—এমন গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হতে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে নেইমারকে ‘দর্শক’ হিসেবেই থাকতে হবে বলে নিশ্চিত করেছেন কোচ। তবে ইনজুরির মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন এই সুপারস্টার। ইনস্টাগ্রামে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।”

ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায়। গ্রুপ ‘সি’-এর এই ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং আগামী সপ্তাহেই তিনি দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা নেইমারকে শুধু তার ফুটবল প্রতিভার জন্য দলে নিইনি, বরং তার অভিজ্ঞতাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা।”

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্লাব সান্তোস প্রথমে হালকা ইনজুরির কথা জানালেও পরে জানা যায় তার পায়ের কাফ মাসল ছিঁড়ে গেছে। সেই থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং পুরোপুরি ফিট না হওয়ায় প্রথম ম্যাচে তার খেলা হচ্ছে না।