বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইনকিলাব মঞ্চে হামলার পেছনে সরকারি মহলের ইন্ধন রয়েছে: নাসিরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর সাম্প্রতিক হামলার জন্য সরকারের একটি মহলকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঐক্য’-এর আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘র‍্যালি ফর বাংলাদেশ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয় শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার, অভিযুক্তদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদ, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় ভারতের আধিপত্য, বিগত চারটি নির্বাচনে ভারতের হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগের বিরুদ্ধে।

কর্মসূচিতে সংহতি জানিয়ে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকারের একটি মহল শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে গতকাল রাজপথে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।” তিনি আরও বলেন, হামলায় আহত হয়ে যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো সংস্থার মাধ্যমে তদন্ত পরিচালনার অনুরোধ করা হয়েছিল। এ বিষয়ে সরকারের কাছে একটি নির্দিষ্ট সময়সীমাও চাওয়া হয়। কিন্তু সেই দাবির জবাবে প্রশাসনের কিছু কর্মকর্তা অতিউৎসাহী হয়ে আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

নাসিরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য অনুযায়ী, এই ধরনের দমনমূলক পদক্ষেপ গণতান্ত্রিক পরিবেশকে সংকুচিত করছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জিএস আব্দুল আলিম আরিফ, ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াদুস জুবাহ এবং ‘জুলাই ঐক্য’-এর সংগঠক ইসরাফিল ফরাজীসহ বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের নেতারা।