বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইতিহাস গড়ে বিশ্বের ক্ষুদ্রতম দেশকে বিশ্বকাপে তোলা কোচের পদত্যাগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও। সবচেয়ে ছোট দেশ হিসেবে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশটি। ২০২৬ বিশ্বকাপে কুরাসাও জায়গা নিশ্চিত করার পর আলোচনায় এসেছিল। যার অধীনে দেশটি এমন ইতিহাস গড়ল, সেই প্রধান কোচ ডিক অ্যাডভোকাট বিশ্বকাপের আগেই পদত্যাগ করেছেন। নইলে বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়তেন তিনি।

তিনি অবশ্য কুরাসাওয়ের কোচিং ছাড়ার ঘটনায় মাঠের কোনো বিষয় সম্পৃক্ত নয়। মূলত কন্যা সন্তান অসুস্থ হওয়ায় এমন পদক্ষেপ নিলেন অ্যাডভোকাট। তিনি জানিয়েছেন, ‘আমি সবসময়ই বলেছি– ফুটবলের আগে পরিবার। তাই এই সিদ্ধান্ত নিতেই হতো। তবে তাতে এই সত‍্য পাল্টাবে না যে, আমি কুরাসাওকে, সেখানকার মানুষ ও আমার সহকর্মীদের অনেক মিস করব।’

৪ দশকের কোচিং ক্যারিয়ারে দলকে বিশ্বকাপে তুলতে পারা স্বাভাবিকভাবেই সবচেয়ে গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন ৭৮ বছর বয়সী এই কোচ। অ্যাডভোকাট বলছেন, ‘বিশ্বের সবচেয়ে ছোট দেশটিকে বিশ্বকাপে উত্তীর্ণ হতে ভূমিকা রাখাকে নিজের ক্যারিয়ারের মূল্যবান মাইলফলক বলে মনে করি। আমি আমার খেলোয়াড়, স্টাফ এবং বোর্ড সদস্যদের নিয়ে গর্বিত, তারা আমার ওপর আস্থা রেখেছিল।’

ডিক অ্যাডভোকাটের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কুরাসাও ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গিলবার্ট মার্টিনা, ‘তার সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো ছাড়া আমাদের কিছু করার নেই। আমাদের জাতীয় দলকে সঙ্গে নিয়ে ডিক ইতিহাস গড়েছেন। কুরাসাও সবসময়ই তার প্রতি কৃতজ্ঞ থাকবে।’ ইতোমধ্যে নতুন কোচও ঠিক করে ফেলেছে ৪৪৪ বর্গকিলোমিটার আয়তন এবং ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার দেশটি। আসন্ন বিশ্বকাপে কুরাসাওয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ফ্রেড রুটেন।

নতুন এই কোচ এর আগে নেদারল‍্যান্ডসের সাবেক ডিফেন্ডার ছিলেন। এ ছাড়া কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন পিএসভি, ফেইনুর্দ ও শালকের মতো ক্লাবের। ফ্রেড রুটেনও সহমর্মিতা জানিয়েছেন ডিক অ্যাডভোকাটের প্রতি, ‘ডিকের জন্য এটি কঠিন সময়, আমি তার ও পরিবারের জন্য শুভকামনা জানাচ্ছি। তিনি বিশ্ব ফুটবলের আইকন। তার কাজ চালিয়ে নিতে পারা আমার জন্য সম্মানের। আমি তার সঙ্গে বিস্তারিত কথা বলেছি এবং তার কোচিং স্টাফরা বাকি পথও চালিয়ে নেবেন। কুরাসাও আমার কাছ থেকে একই নিবেদন এবং প্রতিশ্রুতি আশা করতে পারে।’

আগামী মার্চে প্রথমবার কুরাসাও স্কোয়াডের দায়িত্ব সামলাবেন রুটেন, ওই সময় দেশটি অস্ট্রেলিয়ায় একটি মিনি-টুর্নামেন্ট খেলবে স্বাগতিক দল ও চীনের সঙ্গে। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। কুরাসাও ১৪ জুন তাদের প্রথম ম্যাচ খেলবে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে।