বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত, গুরুতর আহত ছেলে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

ইতালির রাজধানী রোমে এক মর্মান্তিক হামলায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক বাংলাদেশি পরিবারের তিন সদস্য। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিগ্লো এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পরিবারের প্রধান কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে ইতালিতে বসবাস করছিলেন। নিহত অপর দুইজন হলেন তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী কন্যা।

হামলায় গুরুতর আহত হয়েছেন কামাল হোসেনের ১৮ বছর বয়সী ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অস্ত্র হাতে ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় বড় ছেলে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় বাইরে বেরিয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

ঘটনার পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরি ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহত যুবককে হাসপাতালে পাঠায়।

রোম পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ব্যাপক তদন্ত চলছে। ঘটনাটি পরিকল্পিত হত্যা, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ঘাতককে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।