চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জীবনের পথে যত সীমাবদ্ধতা ও প্রতিকূলতাই আসুক না কেন, দৃঢ় ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তা অতিক্রম করে সফলতার শিখরে পৌঁছানো সম্ভব। তিনি তরুণদের বড় স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ (জেলা পর্যায়)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬-এ জেলার ১১টি স্কুল দল অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পৃথিবীর অধিকাংশ সফল ব্যক্তি প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়েই নিজেদের অবস্থান তৈরি করেছেন। তাই প্রতিবন্ধকতাকে অজুহাত না বানিয়ে আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
তরুণ ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, একজন খেলোয়াড়ের উন্নতির জন্য নিয়মিত অনুশীলন, আত্মনিবেদন এবং শেখার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রযুক্তির উদাহরণ দিয়ে বলেন, যেমন প্রযুক্তির নতুন সংস্করণ নিয়মিত আসে, তেমনি একজন খেলোয়াড়কেও প্রতিনিয়ত নিজেকে আরও দক্ষ ও উন্নত করে তুলতে হবে। একজন ব্যাটসম্যানকে প্রতিদিন নিজের ব্যাটিং দক্ষতা বাড়াতে হবে, আর একজন বোলারকে নতুন নতুন বৈচিত্র্য যোগ করতে হবে।
জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তরুণ প্রজন্ম। তাদের প্রত্যেকের জীবনে একটি সুস্পষ্ট লক্ষ্য ও স্বপ্ন থাকা প্রয়োজন। সেই লক্ষ্য অর্জনে নিষ্ঠা, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই।
তিনি মাদকাসক্তি ও অনলাইন গেমের নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করে বলেন, তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।
জেলা প্রশাসক বলেন, সরকার নতুন প্রজন্মকে দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে। দেশের উন্নয়ন ও জাতি গঠনের ক্ষেত্রেও খেলাধুলা থেকে অর্জিত শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতের জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের খুঁজে বের করা সম্ভব হবে।