বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইউরোপজুড়ে ভয়াবহ দাবদাহ: রেকর্ড ভাঙা তাপমাত্রায় বাতিল হচ্ছে বড় বড় আয়োজন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

ইউরোপজুড়ে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ভয়াবহ গরমে স্পেন ও ফ্রান্সে বাড়ছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যঝুঁকির কারণে বিভিন্ন দেশে কনসার্ট, ম্যারাথন ও বড় জনসমাগমের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর সারব্রুকেনে সর্বোচ্চ ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফ্রান্স সীমান্তবর্তী এ শহরে চলতি সপ্তাহে টানা তিনবার নতুন তাপমাত্রার রেকর্ড গড়েছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেন, তীব্র গরমে মানুষের মৃত্যু এখন বড় উদ্বেগের বিষয়। বিশ্ব আবহাওয়া সংস্থার মুখপাত্র ক্লেয়ার নুলিস সতর্ক করে বলেছেন, দাবদাহের কারণে স্বাস্থ্য, কৃষি, পরিবেশ ও শ্রমশক্তির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির সঙ্গে বিশ্ববাসীকে আরও বেশি মানিয়ে নিতে হবে।

বেলজিয়ামের আবহাওয়াবিদ ডেভিড ডিহানাউ জানিয়েছেন, নেদারল্যান্ডস সীমান্তের কাছে ক্লাইন ব্রোগেলে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। নেদারল্যান্ডসের লিম্বুর্গ প্রদেশে তাপমাত্রা পৌঁছেছে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে যুক্তরাজ্যের সাফোকের ক্যাভেন্ডিশে জুন মাসের সর্বোচ্চ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার ইউরোপের অন্তত ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যে ছিলেন। শনিবার অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রিরও বেশি হতে পারে, যা ২০১২ সালের রেকর্ড ভেঙে দিতে পারে।

‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’-এর বিজ্ঞানীদের মতে, উচ্চচাপ বলয়ের কারণে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও দক্ষিণ ইংল্যান্ডে স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে। তারা বর্তমান দাবদাহকে ইউরোপের ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপপ্রবাহ হিসেবে উল্লেখ করেছেন।

তীব্র গরমে প্যারিসের হাসপাতালগুলোতে রোগীর চাপ কয়েকগুণ বেড়েছে। পরিস্থিতির কারণে ‘প্যারিস প্রাইড’ মার্চ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে জনপ্রিয় ‘সলিডেস’ মিউজিক ফেস্টিভ্যালও বাতিল করা হয়েছে।

নেদারল্যান্ডসে ‘ডেফকন.১’ মিউজিক ফেস্টিভ্যাল রেড অ্যালার্ট জারির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জার্মানির হামবুর্গ হাফ ম্যারাথনসহ বেশ কয়েকটি বড় আয়োজনও বাতিল করেছে কর্তৃপক্ষ।