বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন–এর রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইইউ’র পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং দেশে চলমান সংস্কার কার্যক্রম গুরুত্ব পায়।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
এছাড়া বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার উন্নয়ন সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে ইতিবাচক মত বিনিময় হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।