রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

আসছে দুরেফিশান–শেহেরিয়ারের বহুল প্রতীক্ষিত ‘দার-ই-নিজাত’

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

পাকিস্তানি নাটকপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম ও অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ারকে একসঙ্গে দেখা যাবে নতুন নাটক ‘দার-ই-নিজাত’-এ। গুঞ্জন রয়েছে, আগামী আগস্টের প্রথম সপ্তাহেই নাটকটি এআরওয়াই ডিজিটাল-এ প্রচার শুরু হতে পারে। পাশাপাশি এটি ইউটিউবেও মুক্তি পেতে পারে।

সম্প্রতি প্রকাশিত নাটকটির ফার্স্ট লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাদাকালো পোস্টারে দুরেফিশান, শেহেরিয়ার ও নামির খানকে গম্ভীর আবহে দেখা গেছে। ‘Dar-e-Nijat Loading’ ক্যাপশনটি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

জনপ্রিয় লেখক উমাইরা আহমেদের গল্পে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন সাকিব খান। প্রযোজনায় রয়েছেন সালমান ইকবাল, সোনিয়া ইকবাল এবং শেহেরিয়ার মুনাওয়ার। নাটকে আরও অভিনয় করেছেন সানিয়া সাইদ, মেহমুদ আসলাম এবং বিশেষ উপস্থিতিতে থাকবেন সাহার হাশমি

নতুন জুটি, শক্তিশালী কাস্ট এবং আবেগঘন গল্পের কারণে মুক্তির আগেই ‘দার-ই-নিজাত’ পাকিস্তানের অন্যতম প্রতীক্ষিত নাটকে পরিণত হয়েছে। এখন দর্শকদের অপেক্ষা শুধু আনুষ্ঠানিক সম্প্রচার তারিখ ঘোষণার।