বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় ৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত দুই মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে কুখ্যাত দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাত পৌনে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল আল-আমিন মাদ্রাসা রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সদর থানার ব্রাক্ষনবয়রা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. আমির হামজা (২৪) এবং অপরজন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. মানিক হোসেন (২৬)। তারা উভয়েই আশুলিয়ার বাইপাইল আল আমিন মাদ্রাসা গেইট সংলগ্ন বি-৪ টাওয়ারে ভাড়া থেকে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল আল-আমিন মাদ্রাসা রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি আমির হামজা ও মানিক হোসেনকে আটক করা হয়। পরে উভয়ের দেহ তল্লাশি চালিয়ে সর্বমোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় আশুলিয়ার বাইপাইল আল-আমিন মাদ্রাসা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।