বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে পোশাক শ্রমিকসহ তিনজন নিহত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মার্চ, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পোশাক শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। সেপটিক ট্যাংকে নামার প্রায় সাত ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে পাঁচ মিনিট সময় পরপর তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। এর আগে, একইদিন বিকেল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মো. মিঠু (১৬)। তিনি পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। বাকি দুইজন হলেন- মো. রাকিব (২২)। তিনি খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে। আর মোহাম্মদ আলী (২৬) রংপুর জেলার গাংগাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে। তারা দুইজনেই আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের শ্রমিক।

স্থানীয়রা জানান , বিকেল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য যান পরিচ্ছন্নতা কর্মী মিঠু। তিনি প্রথম ট্যাংকে নামেন। প্রায় দেড় ঘণ্টা পরও তার সাড়াশব্দ না পেয়ে একে একে আরও দুই পোশাক শ্রমিক নেমে পড়েন। পরে তারাও আর ফিরে আসেননি। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তারা সবাই গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, আমরা খবর পাই তিনজন সেপটিক ট্যাংকে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর রাত ৮টার দিকে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিছুক্ষণ আগে তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা মূলত বিষক্রিয়ার কারণে মারা গেছে। ট্যাংকের ভেতর অক্সিজেন শূন্য ছিল।