বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ঈদযাত্রায় ভোগান্তি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চলাচলের ব্যস্ত সময়ে এ ঘটনায় ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

সোমবার (২৫ মে) সকাল থেকে বেলা ১১টার দিকে EnergyPac-এর একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত এপ্রিল মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। কয়েক দফায় বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। ফলে বাধ্য হয়ে তারা সড়কে নেমে আসেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে রয়েছেন। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে বকেয়া বেতন না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে। তারা দ্রুত বকেয়া পরিশোধের দাবি জানান।

পরে শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে শ্রমিকরা দুপুর ১২টার দিকে সড়ক ছেড়ে দেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আশুলিয়া শিল্প পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।