শোবিজ অঙ্গনে প্রশংসা আর সমালোচনা যেন এক মুদ্রার দুই পিঠ। কিন্তু নেতিবাচক মন্তব্যে থেমে থাকেন না অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নতুন অভিজ্ঞতা, উপস্থাপনা ও সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
নতুনভাবে উপস্থাপনায় আসার পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার বিষয়ে ভাবনা বলেন, “আমি আগে থেকে প্রস্তুত ছিলাম না। সব সময় বোঝা যায় না মানুষ কীভাবে প্রতিক্রিয়া দেবে। তবে নেতিবাচক মন্তব্যকারীর সংখ্যা খুবই কম।”
তিনি আরও বলেন, “আমার কাজ ছিল উপস্থাপন করা, আমি সেটা করেছি। ২% মানুষ নেগেটিভ কথা বলবে, সেটা স্বাভাবিক। তাই কি আমি নতুন কাজের সুযোগ নেব না? না, অবশ্যই নেব।”
ভাবনা সমালোচনার চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ইতিবাচক প্রতিক্রিয়াকেই বেশি গুরুত্ব দেন। অধিকাংশ মানুষ তার নতুন কাজের প্রশংসা করেছেন, যা তাকে অনুপ্রাণিত করছে। তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চান এবং মজার ছলে জানিয়েছেন, একদিন দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারও নিতে চান।
চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এই অভিনেত্রী। তিনি বলেন, “অভিনয়ের প্রয়োজনে যদি কোনো চরিত্রের জন্য বাইক চালানো শেখা দরকার হয়, আমি তা চ্যালেঞ্জ হিসেবে নেব। নতুন উপস্থাপনাও আমার জন্য ঠিক এমন একটি অভিজ্ঞতা ছিল।”
নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব বজায় রেখে ভাবনা সকলকে মনে করিয়ে দিচ্ছেন—সবাইকে খুশি করা সম্ভব নয়, তবে নিজের কাজের সর্বোচ্চ চেষ্টা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।