ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে শত শত ইহুদি প্রবেশ করে প্রকাশ্যে প্রার্থনা করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তারা এমন স্থানেও প্রার্থনা করেছেন যেখানে প্রচলিত নিয়ম অনুযায়ী ইহুদিদের প্রার্থনা করার অনুমতি নেই। পুরো সময়জুড়ে তাদের নিরাপত্তা দেয় ইসরায়েলি পুলিশ।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইহুদিদের ধর্মীয় উপবাসের দিন তিসা বা’ভ (Tisha B’Av) উপলক্ষে তারা আল-আকসা প্রাঙ্গণে জড়ো হন। ইহুদি ধর্মাবলম্বীদের বিশ্বাস, বর্তমান আল-আকসা মসজিদের অবস্থানেই একসময় তাদের টেম্পল মাউন্ট ছিল। এ বিষয়টি দীর্ঘদিন ধরেই মুসলিম ও ইহুদিদের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনার অন্যতম কারণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলে দলে ইহুদি উপাসনাকারীরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করছেন। এছাড়া কয়েকজনকে সেখানে ইসরায়েলের পতাকা প্রদর্শন করতেও দেখা গেছে।
এসময় ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরও আল-আকসা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আল-আকসায় ইহুদিদের প্রবেশ ও প্রার্থনার অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন।
বেন গিভির বলেন, “আজ এখানে যা হচ্ছে তা দেখুন। ইহুদিরা প্রার্থনা করছেন এবং তারা অনুভব করছেন এটি তাদের স্থান। আগে এমনটি কখনো হয়নি।”
উল্লেখ্য, আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে কেন্দ্র করে অতীতেও বহুবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে সাম্প্রতিক এই ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।