মঙ্গলবার , ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

‘আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আপসের প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি’: জামায়াত আমির

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হলেও তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। অন্যায়ের কাছে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, জামায়াতে ইসলামী কোনো আপস করবে না এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর আইডিবি কাউন্সিল হলে জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনাদেরও (শহীদ ও আহত পরিবার) দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করব?” তিনি বলেন, জামায়াতের নেতারা অতীতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তারাও সেই আদর্শের জায়গায় দাঁড়িয়ে আছেন।

দেশে কাঙ্ক্ষিত আমূল পরিবর্তনের পরিবর্তে আবারও পুরোনো অন্ধকারের দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তার অভিযোগ, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গেস্টরুম ও গণরুমের নামে টর্চার সেল তৈরি করা হয়েছিল। এখন আবার সেই পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সেই অন্ধকারের পথে হাঁটবে না। সরকারে যেতে না পারায় তাদের কোনো আফসোস নেই জানিয়ে তিনি বলেন, সংসদে থেকে দেশবাসী ও শহীদদের পক্ষে কথা বলবে জামায়াত।

শফিকুর রহমান আরও বলেন, তাদের কাছে বিভিন্ন ধরনের আপসের প্রস্তাব ও লোভ-টোপ দেওয়া হয়েছে। তবে তারা সেসব প্রত্যাখ্যান করেছেন। গণভোটের মাধ্যমে জনগণের যে রায় আসবে, তা বাস্তবায়নের দাবিতেও তারা অটল থাকবেন বলে জানান তিনি।

বিচারের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা প্রতিশোধ চান না, তবে জুলাই গণঅভ্যুত্থানে নিহত নিরীহ মানুষের হত্যার বিচার অবশ্যই হতে হবে। তার ভাষায়, কারও ব্যক্তিগত বা পারিবারিক হত্যার বিচার হলে সাধারণ শহীদদের হত্যাকারীদের বিচারও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিচার পেতে ৫০ বছর বা ২১ বছর সময় লাগলেও বিচার একদিন হবেই। বিচারের দাবি থেকে তারা সরে যাবেন না বলেও ঘোষণা দেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ভুল মানুষের, দলের বা সরকারের হতে পারে। তবে জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তিনি সরকারকে জনগণের দাবি মেনে নিয়ে দেশের সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জুলাইয়ের আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই তাদের একমাত্র ‘দোষ’। আক্রমণ ও ভয়ভীতি দেখিয়ে তাদের কণ্ঠ বন্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, বীরদের আকাঙ্ক্ষা পদদলিত হলে জাতি গোলামে পরিণত হবে। তারা গোলাম হয়ে বাঁচতে চান না; বরং স্বাধীনতা ও মর্যাদা নিয়ে এক মুহূর্ত বাঁচাকেও বেশি মূল্য দেন।

মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।