মঙ্গলবার , ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

আলিফ চৌধুরীর চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণসহ ৩ দফা দাবি এনসিপির

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

জাতীয় ছাত্রশক্তির হবিগঞ্জ জেলা শাখার নেতা আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন, তাকে ও তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) চিকিৎসাধীন আলিফ চৌধুরীকে দেখতে যান এনসিপির নেতারা। পরে এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন এসব দাবি তুলে ধরেন।

আখতার হোসেন জানান, হবিগঞ্জে হামলার ঘটনায় আলিফ চৌধুরী এক চোখ হারিয়েছেন। অস্ত্রোপচারের পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত চোখটি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি আলিফের অন্য চোখেও ঝাপসা দেখার সমস্যা দেখা দিয়েছে, ফলে সেটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এনসিপির সদস্য সচিব অভিযোগ করেন, শুধু হবিগঞ্জ নয়, সিলেটেও তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে এনসিপির নেতাকর্মীদের বহরে হামলা চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, বুধবার হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার পাশাপাশি বিরোধীদলীয় চিফ ও উপস্থিত নারী সংসদ সদস্যরাও হেনস্তা ও হামলার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে এনসিপির বিক্ষোভ কর্মসূচিতেও ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

আখতার হোসেন বলেন, দেশে একটি ভয়াবহ রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। তার অভিযোগ, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের ওপর যেভাবে হামলা ও নিপীড়ন চালানো হতো, বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর হামলা, মামলা ও নিপীড়ন বন্ধের আহ্বান জানান তিনি।

এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে তিন দফা দাবি তুলে ধরা হয়েছে—

১. আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং তাকে ও তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

২. হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে হামলায় জড়িত হিসেবে চিহ্নিত ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

৩. এনসিপিসহ দেশের সব গণতান্ত্রিক বিরোধী রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম, জুলাই পদযাত্রা এবং অন্যান্য রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এনসিপির দাবি, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও বাধা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। তাই হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।