বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আলহাজ্ব টেক্সটাইলের বোনাস লভ্যাংশে আবারও আপত্তি বিএসইসির

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড–এর ঘোষিত স্টক বা বোনাস লভ্যাংশ বিতরণে পুনরায় অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটির বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির অসম্মতির বিষয়টি প্রকাশ করা হয়। পরবর্তীতে কোম্পানিটি পুনরায় বোনাস লভ্যাংশ অনুমোদনের জন্য আবেদন জানায়। তবে ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে বিভিন্ন ধরনের অসঙ্গতি থাকায় আবারও বোনাস লভ্যাংশে সম্মতি দেয়নি কমিশন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।

বিধি অনুযায়ী, কোনো কোম্পানি বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণা করলে তার যৌক্তিকতা ব্যাখ্যা করে বিএসইসির অনুমোদন নিতে হয়। কমিশনের অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ বিতরণ করা যায় না।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৭ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৮ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।