বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আর্মি স্টেডিয়ামে খুদে ফুটবলারদের ফাইনাল উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ জুন, ২০২৬

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচে অংশ নেওয়া দেশসেরা খুদে ফুটবলারদের খেলা সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে আর্মি স্টেডিয়ামে পৌঁছে প্রধানমন্ত্রী খুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

বালিকা বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গত ৬ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২২ লাখেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে সেরা চারটি বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানান, তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করার এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। আগামী আসরে অন্তত ৫০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।