বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া একটি আন্তর্জাতিক গণস্বাক্ষর অভিযান। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই গণস্বাক্ষরে ইতোমধ্যে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন।
ইউরো নিউজের বরাতে গোল ডটকম জানিয়েছে, ‘Leave, Argentina’ শিরোনামের এই অনলাইন আবেদনপত্রে ফিফা ও ম্যাচ পরিচালকদের বিরুদ্ধে আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
আয়োজকদের দাবি, “যদি আগেই বিজয়ী নির্ধারণ করা থাকে, তাহলে অন্য দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করার কোনো অর্থ থাকে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত।”
প্রথমে ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পেইন দ্রুতই ২ কোটির বেশি স্বাক্ষর অতিক্রম করেছে বলে দাবি করা হচ্ছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি ইতিহাসের অন্যতম বড় গণস্বাক্ষর অভিযানে পরিণত হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে।
ফাইনালে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ফাউল করেও কার্ড না পাওয়ার অভিযোগ যেমন ওঠে, তেমনি স্পেনের দুটি গোল বাতিল নিয়েও সমালোচনা হয়।
এদিকে, টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক খেলার ধরন ও কিছু খেলোয়াড়ের আচরণ নিয়েও ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।