বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আরও এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। জাহাজটি আগামী বুধবার (১৭ জুন) চট্টগ্রাম বন্দর পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমডোর মাহমুদুল মালেক

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক মাসে এটি দ্বিতীয়বারের মতো বড় আকারের অপরিশোধিত তেলের চালান নিয়ে বাংলাদেশে আসছে। এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একই জাহাজ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছিল। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে পুনরায় একই পরিমাণ তেল নিয়ে দেশে আসা জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকেই আরও এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি ফসিল নামের আরেকটি ট্যাংকার বাংলাদেশে পৌঁছায়। ফলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বড় আকারের অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে দেশের জ্বালানি মজুত ও পরিশোধন কার্যক্রমকে শক্তিশালী করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আমদানিকৃত এসব তেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এ পরিশোধন করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়মিত তেল আমদানির ফলে শোধনাগারের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং দেশের জ্বালানি চাহিদা পূরণে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্য ওঠানামার মধ্যেও নিয়মিত অপরিশোধিত তেল আমদানি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাতের নিরবচ্ছিন্ন কার্যক্রম বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।