সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের সময় সৃষ্ট ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এসে পৌঁছে।
আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ফুজাইরাহর দিব্বা এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে আকাশে বিস্ফোরণের পর সৃষ্ট ধ্বংসাবশেষ নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন।
শাহ আলম দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে পৌঁছানোর পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষও সাধারণ মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে।