বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির খুব সন্নিকটে : ট্রাম্প

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী গাজার নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেওয়াকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক ‘অভূতপূর্ব’ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই প্রস্তাবটি তৈরিতে সহযোগিতা এবং সমর্থনের জন্য আরব বিশ্বের দেশগুলোকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

শনিবার এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেছেন, “কাতার, তুরস্ক, সৌদি আরব, মিসর, ওমানসহ আরো অনেক দেশ— যারা এটি (গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব) তৈরিতে আমাকে সহযোগিতা করেছেন এবং সমর্থন দিয়েছেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। অনেক পরিশ্রম, অনেক লড়াই তাদের করতে হয়েছে।”

“তো, আমি আপনাদের শুধু বলতে চাই যে আজ খুবই বিশেষ একটি দিন। বিভিন্ন কারণেই এ দিনটি অভূতপূর্ব! যারা সহযোগিতা করেছেন, সেইসব মহান দেশকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। প্রত্যেকের ব্যাপক সহযোগিতা ও সমর্থনের কারণেই আজকের এ দিনটি এসেছে। যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ ছিলেন। আমরা বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব কাছাকাছি আছি। সবাইকে ধন্যবাদ। সবার সঙ্গে ন্যায়বিচার করা হবে।”

গত সপ্তাহে গাজায় যুদ্ধের অবসানের জন্য ২০টি পয়েন্ট সম্বলিত নতুন একটি পরিকল্পনা হাজির করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিকল্পনাটি প্রকাশের পরপরই তাতে সম্মতি দেন নেতানিয়াহু; কিন্তু গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস তখনও সাড়া দেয়নি।

গতকাল শুক্রবার হামাসকে আল্টিমেটাম দেন ট্রাম্প। তিনি বলেন, যদি রোববারের মধ্যে হামাস সাড়া না দেয়, তাহলে ‘নরক’ নেমে আসবে গোষ্ঠীটির ওপর। এই আল্টিমেটামের কয়েক ঘণ্টার মধ্যে হামাসের হাইকমান্ড জানায়, ট্রাম্পের প্রস্তাব মেনে নিজেদের কব্জায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তিপ্রদান এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের জন্য রাজি আছে গোষ্ঠীটি।

হামাস সম্মতি দেওয়ার পর ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই আহ্বান জানানোর কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে পূর্ণমাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত আছে ইসরায়েল।

সূত্র : বিবিসি