বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করি না : এ্যানি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করি না : এ্যানি
বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা ধর্মান্ধ নই। আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারা আজ জান্নাতের কথা বলে, জান্নাতের টিকিট দেয়- এটা বেদআত, এটা শিরক। আবার তারাই দাঁড়িপাল্লায় ভোট চায়। এই এলাকার মানুষ কখনো শুধু ধর্মান্ধতার কারণে দাঁড়িপাল্লায় ভোট দেয়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে নারী ভোটারদের নিয়ে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সর্বপ্রথম জিয়াউর রহমান সংবিধানে লিপিবদ্ধ করেছেন। তিনি বিএনপির নাম কোনো ইসলামিক দল হিসেবে দেননি, দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ বাস করে। সবার ধর্ম ও বিশ্বাসের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা আছে।

এ সময় উপস্থিত ছিলেন সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া এবং ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।