ঢাকা–ময়মনসিংহ সড়ক সংলগ্ন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচের অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নগরীর পরিবেশ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ফ্লাইওভারের নিচের সড়ক অংশ থেকে ময়লা-আবর্জনা অপসারণ এবং আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। এতে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা সরাসরি অংশ নেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া কর্মী রফিকুল ইসলাম জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ঢাকা–ময়মনসিংহ সড়কের গুরুত্বপূর্ণ এই অংশে যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং পরিবেশ সুরক্ষায় সড়কের নিচের এলাকা পরিষ্কার করা হয়েছে।
ডিএনসিসি সূত্র জানায়, সড়ক ও উন্মুক্ত স্থান পরিষ্কারের পাশাপাশি নগরীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খাল পরিষ্কার কার্যক্রমেও জোর দেওয়া হয়েছে। নিয়মিত খালের বর্জ্য অপসারণে ৩৬০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছে। বর্তমানে ডিএনসিসির আওতাধীন ২৯টি খাল ও একটি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ করা হয়েছে এবং খালের পাশজুড়ে ১ হাজার ৩০০টি সীমানা পিলার স্থাপন করা হয়েছে।
এছাড়া নগরীর রিটেনশন পন্ড ও খালগুলোর জন্য জিআইএস ডাটাবেইজ ও হটস্পট ম্যাপ প্রস্তুত করা হয়েছে। এ কাজে দক্ষতা বাড়াতে ডিএনসিসির ৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে জিআইএস প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ডিএনসিসি আরও জানায়, জলাবদ্ধতা নিরসনে রামপুরা পাম্পিং স্টেশনে বর্তমানে পাঁচটি ৫ কিউমেক ক্ষমতাসম্পন্ন পাম্প চালু রয়েছে এবং সম্প্রতি একই ক্ষমতার একটি নতুন পাম্প স্থাপন করা হয়েছে। কল্যাণপুর পাম্পিং স্টেশনে ৩.৩ কিউমেক ক্ষমতার তিনটি এবং ৫ কিউমেক ক্ষমতার দুটি পাম্প সচল রয়েছে। পাশাপাশি ১৬ কিউমেক ক্ষমতাসম্পন্ন একটি নতুন পাম্প হাউজ নির্মাণে ডিপিপি প্রণয়নের কাজ চলমান।
কল্যাণপুর রিটেনশন পন্ড থেকে প্রায় ১ লাখ ১২ হাজার ঘনমিটার স্লাজ ও মাটি অপসারণের মাধ্যমে জলাধারগুলোর ধারণক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মিরপুর ও আব্দুল্লাহপুরে অবস্থিত দুটি ছোট পাম্প স্টেশন রক্ষণাবেক্ষণ করে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।